মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) মূল্যবৃদ্ধির জেরে ফের বাড়ল দেশে পেট্রোল ও ডিজেলের দাম। শনিবার (২৩ মে) রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি মে মাসে তৃতীয়বারের মতো জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। তথ্য অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় ৮৭ পয়সা এবং ডিজেলের দাম প্রায় ৯১ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে গত ১০ দিনেরও কম সময়ে জ্বালানির মোট মূল্যবৃদ্ধি প্রায় ৫ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। কলকাতায় নতুন মূল্য অনুযায়ী পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ₹১১০.৬৪, যা দেশের অন্যতম সর্বোচ্চ দামের মধ্যে রয়েছে। অন্যদিকে দিল্লিতে পেট্রোলের দাম ₹৯৯.৫১ এবং মুম্বইয়ে ₹১০৮.৪৯ প্রতি লিটার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। ভারত তার প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে, ফলে বিশ্ববাজারে দামের ওঠানামার সরাসরি প্রভাব পড়ছে দেশের জ্বালানি বাজারে। উল্লেখ্য, চলতি মাসের ১৫ মে প্রথমে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ₹৩ বাড়ানো হয়েছিল। এরপর কয়েক দিনের ব্যবধানে আরও এক দফা প্রায় ৯০ পয়সা বৃদ্ধি করা হয়। শনিবারের নতুন বৃদ্ধির ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যয়, পরিবহণ খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনীতিবিদদের একাংশের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকলে আগামী দিনেও জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ অব্যাহত থাকতে পারে, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির উপরও। Post navigation আমি রামকে দেখিনি, কৃষ্ণকে দেখিনি, স্বামী বিবেকানন্দকেও দেখিনি, কিন্তু আমি নরেন্দ্র মোদিকে দেখেছি