বারাসত মেডিক্যালে দখলমুক্তকরণ অভিযান, হাসপাতালের ভিতরের দোকান সরানোর নির্দেশ বিধায়কেরবারাসত মেডিক্যালে দখলমুক্তকরণ অভিযান, হাসপাতালের ভিতরের দোকান সরানোর নির্দেশ বিধায়কের

উত্তর ২৪ পরগনার বারাসত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অস্থায়ী দোকান ও অবৈধ দখল নিয়ে কড়া অবস্থান নিলেন বারাসতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। হাসপাতালের ভিতরের অংশ সম্পূর্ণভাবে রোগী ও তাঁদের পরিবারের ব্যবহারের উপযোগী করে তুলতে দ্রুত দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সকালে হাসপাতাল পরিদর্শনে এসে বিধায়ক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন। হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি হাসপাতালের ভিতরে বেড়ে ওঠা দোকানগুলিকেও চিহ্নিত করেন। তাঁর মতে, এইসব দোকানের কারণে রোগী ও পরিজনদের বসার জায়গা কমে যাচ্ছে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

বিধায়ক জানান, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসার জায়গা। তাই সেখানে যেকোনও ধরনের অব্যবস্থা বা দখলদারি বরদাস্ত করা হবে না। তিনি স্পষ্ট বার্তা দেন যে, রোগীদের সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই হাসপাতাল চত্বরকে দখলমুক্ত করা হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের পরিষেবা নিয়ে কিছু ইতিবাচক পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি। আগের তুলনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি পেয়েছে এবং রোগীরাও পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান বিধায়ক। একই সঙ্গে তিনি হাসপাতালের শয্যা সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন।

এছাড়াও হাসপাতালের অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে দীর্ঘদিনের অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ সম্পর্কেও তিনি মন্তব্য করেন। বিধায়কের দাবি, অ্যাম্বুল্যান্স চালকদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে যাতে সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ করা হয় এবং অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনা আর না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *